মাঝ সমুদ্রে দুর্ঘটনাগ্রস্ত ‘জয় মা কালী’ ট্রলার ডুবির ঘটনায় মৃত ৯ মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। শনিবার রাতে প্রায় ১০টা নাগাদ দিঘা থানায় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে হোম গার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
প্রতিটি পরিবার থেকে একজন সদস্যকে এই নিয়োগ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে মাঝ সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে ‘জয় মা কালী’ ট্রলারটি। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারান ৯ জন মৎস্যজীবী। ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার।
নিয়োগপত্র তুলে দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, মৎস্যজীবী পরিবারগুলির প্রতি সরকারের সহমর্মিতা এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার আগামী দিনেও অব্যাহত থাকবে।
সরকারের এই উদ্যোগে মৃত মৎস্যজীবীদের পরিবারগুলি কিছুটা হলেও আর্থিক ও সামাজিক নিরাপত্তা পাবে বলে মনে করা হচ্ছে।